হাসেম ফুড কারখানায় অগ্নিকাণ্ডের মামলা সিআইডিতে হস্তান্তরের নির্দেশ
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় হাসেম ফুড অ্যান্ড বেভারেজ কারখানায় অগ্নিকাণ্ডে ৫১ জন নিহতের ঘটনায় করা মামলার তদন্তের দায়িত্ব পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
আজ বৃহস্পতিবার রাতে নারায়ণগঞ্জের পুলিশ সুপার (এসপি) জায়েদুল আলম দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘অধিকতর তদন্তের জন্য মামলাটি পুলিশ সদর দপ্তরের আদেশে সিআইডি নারায়ণগঞ্জকে হস্তান্তর করা হবে। এগুলো অতি গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর মামলা।’
‘মাত্র নির্দেশনা এসেছে, এখনও হস্তান্তর হয়নি। আনুষ্ঠানিক কাজ শেষে এক থেকে দুই দিনের মধ্যে মামলার যাবতীয় কাগজপত্র সিআইডিকে হস্তান্তর করা হবে,’ যোগ করেন তিনি।
গত বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার কর্ণগোপ এলাকার হাসেম ফুড অ্যান্ড বেভারেজ কারখানার ছয় তলা ভবনের নিচ তলার একটি ফ্লোরে আগুনের সূত্রপাত। মুহূর্তে আগুন চারদিকে ছড়িয়ে গেলে তাৎক্ষনিকভাবে ভবন থেকে লাফিয়ে পরে তিন জন মারা যায় এবং ১০ জন আহত হয়। পরদিন শুক্রবার বিকেলে আগুন নিভিয়ে ফেলার পর ৪৮ জনের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের কর্মীরা।
এ ঘটনায় রূপগঞ্জ থানাধীন ভুলতা পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক নাজিম উদ্দিন বাদী হয়ে কারখানার মালিক আবুল হাসেম সহ আট জনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরও কয়েকজনকে আসামি করে নিরাপত্তা না থাকাসহ বিভিন্ন অভিযোগ এনে রূপগঞ্জ থানায় মামলা করেন।
মামলায় কারখানার মালিক মো. আবুল হাসেমসহ তার চার ছেলে এবং ডিজিএম, এজিএম ও প্রকৌশলীসহ আট জনকে গ্রেপ্তার করে পুলিশ। চার দিনের রিমান্ডে জিজ্ঞাসাবাদ শেষে তাদের আদালতে হাজির করা হলে, আদালত দুই জনের জামিন মঞ্জুর করেন এবং কারখানার মালিক আবুল হাসেমসহ ছয় জনকে কারাগারে পাঠানোর আদেশ দেন।