১৪ বছর আগে আনসার কর্মকর্তাকে হত্যা, ২ জনের ২০ বছর কারাদণ্ড

স্টার অনলাইন রিপোর্ট

রাজধানীর উত্তরখানে ২০০৮ সালে আনসারের এক কর্মকর্তাকে হত্যার ঘটনায় করা মামলায় ২ জনকে ২০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

আজ বুধবার ঢাকার ১ নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক আবু জাফর মো. কামরুজ্জামান এ রায় দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন-আরব আলী হাওলাদার ও রহমান খান।

হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগ প্রমাণিত না হওয়ায় মিজান মোল্লা, নুরুল ইসলাম, গোলাম মোস্তফা, ফজলুল করিম, রেজাউল বেপারী, জালাল খান, সহী সরদার, ইয়ামিন বেপারী, আবদুস সালাম ও লিটন হাওলাদারসহ ১০ জনকে খালাস দেন ট্রাইব্যুনাল।

২০০৮ সালের ২৭ সেপ্টেম্বর আনসারের সহকারী অ্যাডজুটেন্ট মো. নাছির উল্লাহ খান উত্তরখানে নিজ বাড়িতে ডাকাতদের হাতে খুন হন।

এর আগে প্রসিকিউশন ও ডিফেন্স তাদের যুক্তিতর্ক শেষ করে এবং ট্রাইব্যুনাল মামলার অভিযোগকারীসহ প্রসিকিউশনের ২৩ জন সাক্ষীর জবানবন্দি রেকর্ড করেন।

প্রসিকিউশনে বলা হয়, ঘটনার দিন গভীর রাতে আরব ও রহমানের নেতৃত্বে একদল ডাকাত নাছির উল্লাহর বাড়িতে ঢুকে তাকে গুলি করে হত্যা করে এবং ২০ লাখ টাকার মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নিয়ে যায়।

এ ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে উত্তরখান থানায় মামলা করেন।

তদন্তের পর পুলিশ ১২ জনের বিরুদ্ধে চার্জশিট দেয়।