১৫ দিন পর বাংলাদেশি যুবকের লাশ ফেরত দিলো বিএসএফ

নিজস্ব সংবাদদাতা, কুষ্টিয়া

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশি যুবক লিটন বিশ্বাসের মরদেহ ১৫ দিন পর ফেরত দিয়েছে বিএসএফ।

আজ শনিবার বিকাল ৫টার দিকে দৌলতপুর সীমান্তে বিজিবি-বিএসএফের মধ্যে পতাকা বৈঠক শেষে লিটন বিশ্বাসের মরদেহ ফেরত দেওয়া হয়।

পরিবারের পক্ষে নিহতের ছোট ভাই শিপন বিশ্বাস মরেদহটি গ্রহণ করেন।

৪৭ বিজিবি ব্যাটালিয়ন অধিনস্থ প্রাগপুর কোম্পানি কমান্ডার (ভারপ্রাপ্ত) নায়েক সুবেদার আমজাদ হোসেন এসব তথ্য নিশ্চিত করেছেন।

গত ৫ মার্চ ভোররাতে দৌলতপুর সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশ করলে বিএসএফের গুলিতে লিটন বিশ্বাস (৩২) নিহত হয়।

লিটন দৌলতপুর উপজেলার প্রাগপুর ইউনিয়নের সীমান্ত সংলগ্ন বিলগাথুয়া গ্রামের আকবর আলী বিশ্বাসের ছেলে।

মরদেহ ফেরত নিয়ে ১৫১/১৪ (এস) সীমান্ত পিলার সংলগ্ন দৌলতপুর ভারতের পশ্চিমবঙ্গের নদীয়া জেলার হোগলবাড়িয়া থানার কুমড়িপাড়া সীমান্তে বিজিবি-বিএসএফের মধ্যে আজ শনিবার পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।

পতাকা বৈঠকে বিজিবির পক্ষে নেতৃত্ব দেন ৪৭ বিজিবি ব্যাটালিয়ন অধিনস্থ প্রাগপুর কোম্পানী কমান্ডার (ভারপ্রাপ্ত) নায়েক সুবেদার আমজাদ হোসেন এবং বিএসএফের পক্ষে নেতৃত্ব দেন ১৪১ বিএসএফ কমান্ডেন্ট অধিনস্থ ভারতের পশ্চিমবঙ্গের নদীয় জেলার চরমেঘনা ক্যাম্পের ইনচার্জ এসি রাজেশ টিকে লাকরা।