১৫ বছর পর তারেক, জোবাইদার দুর্নীতি মামলার রুলের শুনানি বুধবার

স্টার অনলাইন রিপোর্ট

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান ও তার স্ত্রী জুবাইদা রহমানের বিরুদ্ধে সম্পদের তথ্য গোপন ও মিথ্যা বিবরণী দেওয়ার মামলায় ১৫ বছর পর হাইকোর্টের রুল শুনানি শুরু হবে আগামীকাল বুধবার।

দুর্নীতি দমন কমিশন (দুদক) তাদের শুনানির জন্য আবেদন করার পর আজ বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের হাইকোর্ট বেঞ্চ রুল শুনানির দিন ধার্য করেন।

অবৈধ উপায়ে ৪ কোটি ৮২ লাখ টাকার সম্পদ অর্জন ও সম্পদ বিবরণীতে তথ্য গোপনের অভিযোগে ২০০৭ সালের ২৬ সেপ্টেম্বর লন্ডনে অবস্থানরত তারেক রহমান, তার স্ত্রী জুবাইদা ও তার মা ইকবাল মান্দ বানুর বিরুদ্ধে কাফরুল থানায় মামলাটি করে দুদক।

পৃথক রিট পিটিশনের পরিপ্রেক্ষিতে, হাইকোর্ট একই বছর সরকার ও দুদককে কেন তৎকালীন জরুরি ক্ষমতা বিধির অধীনে মামলা দায়ের এবং শুরু করা অবৈধ ঘোষণা করা হবে না তা ব্যাখ্যা করতে জন্য পৃথক রুল জারি করে।

হাইকোর্টও মামলার বিচার কার্যক্রম স্থগিত রাখেন।

দুদকের পক্ষে ছিলেন আইনজীবী খুরশীদ আলম খান এবং রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক।