১৬৪ ধারায় জবানবন্দি: শিমু হত্যার দায় স্বীকার স্বামী নোবেল ও বন্ধু ফরহাদের
অভিনেত্রী রাইমা ইসলাম শিমু হত্যাকাণ্ডের দায় স্বীকার করে ফৌজদারী কার্যবিধির ১৬৪ ধারায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন তার স্বামী শাখাওয়াত আলীম নোবেল ও স্বামীর বন্ধু এস এম ওয়াই আব্দুল্লাহ ফরহাদ।
আজ শুক্রবার অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর আনোয়ারুল কবির বাবুল দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গতকাল বৃহস্পতিবার ঢাকার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলামের আদালতে নোবেলের স্বীকারোক্তিমূলক জবানবন্দি এবং আরেক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মিশকাত শুকরানার আদালতে আব্দুল্লাহ ফরহাদের জবানবন্দি রেকর্ড করা হয়। তারা দুজনই শিমুকে শ্বাসরোধে হত্যা এবং পরে মরদেহ গুমের চেষ্টার কথা স্বীকার করেছেন।
এই মামলায় গতকাল ৩ দিনের রিমান্ড শেষে তাদের আদালতে হাজির করা হয়।
জবানবন্দি শেষে তাদের কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।
গতকাল বৃহস্পতিবার ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তারা স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। জবানবন্দি রেকর্ড শেষে তাদের কারাগারে পাঠানো হয়েছে।
অভিনেত্রী রাইমা ইসলাম শিমুকে গত শনিবার রাতে গ্রিন রোডের বাসায় শ্বাসরোধে হত্যার পরদিন বন্ধু ফরহাদকে নিয়ে কেরানীগঞ্জে গিয়ে মরদেহ ফেলে দিয়ে আসেন স্বামী সাখাওয়াত আলী নোবেল। ফিরে এসে কলাবাগান থানায় স্ত্রী নিখোঁজের ডায়েরি (জিডি) করেন তিনি।
সোমবার সকালে শিমুর মরদেহ উদ্ধারের পর নোবেল ও তার বন্ধু এস এম ওয়াই আব্দুল্লাহ ফরহাদকে আটক করে পুলিশ।
কেরানীগঞ্জ মডেল থানার (ওসি তদন্ত) কাজী রমজানুল হক দ্য ডেইলি স্টারকে জানান, পারিবারিক কলহের জেরে সেদিন রাইমা ইসলাম শিমুকে শ্বাসরোধে হত্যা করেন তার স্বামী শাখাওয়াত। সেসময় তাকে সহযোগিতা করেছেন বন্ধু ফরহাদ।