১৭ বছরের সাজা এড়াতে ১৮ বছর পলাতক
অস্ত্র ও ডাকাতির মামলায় ১৭ বছরের সাজা এড়াতে ১৮ বছর পালিয়ে থাকার পর গ্রেপ্তার হয়েছেন মুন্সিগঞ্জের টংগিবাড়ী উপজেলার ডুলিহাটা গ্রামের মো. ইকবাল হোসেন (৫২)।
সোমবার দিনগত রাত সাড়ে ১২টায় রাজধানীর সূত্রাপুরের কলতাপাড়া এলাকা থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তার অভিযানের নেতৃত্ব দেওয়া টংগিবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) মো. আল মামুন দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ জানিয়েছে, ২০০৪ সালে ময়মনসিংহের ভালুকায় অস্ত্র নিয়ে ডাকাতি করতে গিয়ে স্থানীয় জনগণের হাতে আটক হয়েছিল ইকবাল। এরপর সে অস্ত্র ও ডাকাতির মামলায় ১৭ মাস জেল খেটে জামিনে বের হয়ে আত্মগোপনে চলে যান। ইকবাল জন্মনিবন্ধন, জাতীয় পরিচয়পত্রসহ সরকারি কাগজপত্রে নাম ও ঠিকানা পরিবর্তন করে বসবাস করছিলেন। ওই এলাকায় সে নিজেকে একটি অনলাইন পত্রিকার সাংবাদিক হিসেবে পরিচয় দিয়ে ছদ্মবেশে ছিলেন।
এ বিষয়ে মো. আল মামুন দ্য ডেইলি স্টারকে বলেন, 'তথ্য-প্রযুক্তির সহায়তায় গোপন সূত্রে খবর পেয়ে সাজাপ্রাপ্ত আসামি ইকবালকে গ্রেপ্তার করা হয়েছে। তার আসল নাম মো. মারুফ হোসেন ইকবাল। কিন্তু সে এ নাম পরিবর্তন করে মো. ইকবাল হোসেন ব্যবহার করছিল। তাছাড়া সে দাড়ি রেখেছে যাতে তার চেহারা শনাক্ত না করা যায়।'
'তিনি সূত্রাপুর এলাকায় পরিবার নিয়ে বসবাস করে আসছিলেন। একটি ভুয়া অনলাইন নিউজ পোর্টালের সাংবাদিক হিসেবে কাজ করতেন। আইনের হাত থেকে বাঁচতে সে সাংবাদিকতাকে পেশা হিসেবে ব্যবহার করেছে।'
তিনি আরও বলেন, 'প্রায় ১০ বছর ধরে টংগিবাড়ী থানা পুলিশ তাকে গ্রেফতারের জন্য বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে আসছিল। কিন্তু ছদ্মবেশে থাকার কারণে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। বর্তমানে তাকে মুন্সিগঞ্জ আদালতে পাঠানো হয়েছে। সেখান থেকে ময়মনসিংহ আদালতে পাঠানো হবে।'