ফরিদপুর

১৮ মামলার আসামি ইয়াবাসহ গ্রেপ্তার

নিজস্ব সংবাদদাতা, ফরিদপুর

ফরিদপুরে হত্যা ও মাদকসহ ১৮ মামলার আসামি মো. খায়রুজ্জামান ওরফে খাজাকে (৩৮) ইয়াবাসহ গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল।

ফরিদপুর গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল ইসলাম দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, 'গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাত সোয়া ১১টার দিকে ফরিদপুর সদরের কানাইপুর ইউনিয়নের ফরিদপুর জুট ফাইবার্স থেকে রাইকাইল সড়কে একটি সেতুর ওপর থেকে সহযোগী সোহেলসহ খায়রুজ্জামানকে গ্রেপ্তার করা হয়।'

এ ব্যাপারে গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) ভাস্কর কুণ্ডু বাদী হয়ে গতকাল শনিবার সকালে খায়রুজ্জামান ও সোহেলকে আসামি করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন। এ ওছাড়া ব্যবসায়ী নিজাম মোল্লা ওই ২ ব্যাক্তিকে আসামি করে চাঁদাবাজীর অভিযোগে পৃথক আরেকটি মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।

ফরিদপুর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ জ্বলিল বলেন, 'খাজার বিরুদ্ধে হত্যা, অস্ত্র, ডাকাতি, মাদকসহ বিভিন্ন অভিযোগে ফরিদপুর কোতয়ালী থানায় ১৮টি মামলা আছে। তার সহযোগী সোহেলের বিরুদ্ধে একই জাতীয় অভিযোগে ১১টি মামলা আছে।'

গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল ইসলাম জানান, এ সময় খায়রুজ্জামানের কাছ থেকে ৩৯৪টি ইয়াবা এবং সোহেলের কাছ থেকে ২৫৩ টিসহ মোট ৬৪৭টি ইয়াবা বড়ি জব্দ করা হয়। এছাড়াও তাদের কাছ থেকে ৩৭ হাজার টাকা জব্দ করা হয়।

মাদক মামলার  তদন্তকারী কর্মকর্তা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. মাহাবুল কবির বলেন, শনিবার দুপুরে খায়রুজ্জামান ও সোহেলকে ফরিদপুরের ১ নম্বর আমলি আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। আগামীকাল তাদের বিরুদ্ধে ৭ ব্যক্তির রিমান্ডের আবেদন জানানো হবে।