১৯৬ জন বীর মুক্তিযোদ্ধার প্রাপ্য সুবিধা দেওয়ার আদেশ আপিল বিভাগে বহাল
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও বাংলাদেশ বিমান বাহিনীর ১৯৬ জন বীর মুক্তিযোদ্ধার প্রাপ্য সব সুবিধা দিতে হাইকোর্টের আদেশ বহাল রেখেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।
আজ বৃহস্পতিবার প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির আপিল বিভাগ ভার্চুয়াল আপিল বেঞ্চে রাষ্ট্রপক্ষের পাঁচটি আপিল শুনানির জন্য তোলা হয়।
আদালতে বীর মুক্তিযোদ্ধাদের পক্ষে শুনানি করেন আইনজীবী আহসানুল করিম, সাবরিনা জেরিন ও আব্দুল কাইয়ূম লিটন। রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল শেখ মোহাম্মদ মোরশেদ।
গত বছর ৭ জুন জাল নথিপত্রের অভিযোগে ১৯৬ জন রিট আবেদনকারীসহ মোট এক হাজার ১৩৪ জন অবসরপ্রাপ্ত বিজিবি সদস্য ও ৪৭ জন অবসরপ্রাপ্ত বিমান বাহিনী সদস্যের মুক্তিযোদ্ধা গেজেট বাতিল করে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় দুটি পৃথক বিজ্ঞপ্তি জারি করে।
পরে ২১ সেপ্টেম্বর হাইকোর্ট সেই সরকারি সিদ্ধান্ত স্থগিত করেন এবং ১৯৬ জন রিট আবেদনকারীকে মুক্তিযোদ্ধা হিসেবে সব সুযোগ-সুবিধা দিতে নির্দেশ দেন।
সেইসঙ্গে আবেদনকারীদের আর্থিক সুবিধাসহ প্রাপ্য অন্যান্য সুবিধা চলমান রাখতে কেন নির্দেশ দেওয়া হবে না, সে প্রশ্নেও রুল জারি করা হয়।
বিজিবি ও বিমান বাহিনীর বীর মুক্তিযোদ্ধাদের গেজেট বাতিলের নির্দেশ কেন বেআইনি ঘোষণা করা হবে না এবং আর্থিক সুবিধাসহ আবেদনকারীদের প্রাপ্য অন্যান্য সুবিধা বন্ধ করে দেওয়া কেন বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চাওয়া হয় রুলে।
আইনজীবী মো. আব্দুল কাইয়ূম লিটন দ্য ডেইলি স্টারকে জানান, হাইকোর্ট মুক্তিযোদ্ধা মর্যাদা বাতিল করার সরকারি আদেশ স্থগিত করেছিলেন, কারণ সরকার তাদের আত্মপক্ষ সমর্থনের কোনো সুযোগ না দিয়েই সিদ্ধান্ত নেয়।
সংশ্লিষ্ট কাগজপত্র ও নথি যাচাই-বাছাই করার পর মুক্তিযোদ্ধাদের তালিকার গেজেট বিজ্ঞপ্তিতে তাদের নাম অন্তর্ভুক্ত করা হয়েছিল বলে জানান তিনি।