২০১৩ সালের নাশকতার মামলায় আসলামসহ ৫৬ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন
২০১৩ সালে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অগ্নিসংযোগের ঘটনায় দায়ের করা মামলায় আজ সোমবার বিএনপির যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরীসহ ৫৬ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে।
চট্টগ্রামের সপ্তম অতিরিক্ত জেলা ও দায়রা জজ এএসএম শহীদুল্লাহ কায়সারের আদালত এই অভিযোগ গঠন করেছেন বলে আদালত সূত্র জানিয়েছে।
আদালতের সরকারি আইনজীবী (পিপি) রুবেল পাল দ্য ডেইলি স্টারকে বলেন, 'বিএনপি নেতা আসলাম চৌধুরীসহ আরও ৫৫ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। আদালতে আসলামসহ আরও ৮ জন উপস্থিত ছিলেন।'
তিনি আরও বলেন, 'অন্য আসামিরা পলাতক আছেন এবং আদালত জবানবন্দি রেকর্ড করার জন্য আগামী বছরের ২৩ জানুয়ারি দিন ধার্য করেছেন।'
২০১৩ সালের ৮ নভেম্বর সীতাকুণ্ড পৌরসভা এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ভাঙচুর ও যানবাহনে আগুন দেওয়ার অভিযোগে পুলিশ একটি মামলা দায়ের করে। সীতাকুণ্ড থানার তৎকালীন সাব-ইন্সপেক্টর (এএসআই) ফারুক আহমেদ মামলাটি করেন। পরে তদন্তের পর ২০১৫ সালে আসলামসহ ৫৬ জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল করে পুলিশ।
এছাড়াও, ২০১৬ সালের ১৫ মে বাংলাদেশ সরকার পতনের জন্য ইসরায়েলের সঙ্গে ষড়যন্ত্রের অভিযোগে আসলামকে রাজধানীর খিলক্ষেত এলাকা থেকে আটক করা হয়। এর ১১ দিন পর ২৬ মে রাষ্ট্রদ্রোহের অভিযোগে তার বিরুদ্ধে মামলা হয়।