২০ বছর আগের হত্যা মামলায় ১ জনের মৃত্যুদণ্ড, ৪ জনের যাবজ্জীবন
কক্সবাজারে ২০০২ সালের আক্তার উদ্দিন হত্যা মামলায় ১ আসামিকে মৃত্যুদণ্ড ও ৪ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
আজ বৃহস্পতিবার কক্সবাজারের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আবদুল্লাহ আল মামুন এ রায় দেন।
অভিযোগ প্রমাণ না হওয়ায় একই হত্যা মামলার তিন আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।
জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিউকিউটর মোজাফফর আহমদ হেলালী এসব তথ্য দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসাই হলেন কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের মো. কালু মাঝির ছেলে আবদুল খালেক (৩৫)। যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্তরা হলেন--মোহাম্মদ কাজল, আমির হামজা, সলিমউল্লাহ ও আবদুল গফফার।
রায় ঘোষণার সময় আবদুল খালেক ও আমির হামজা আদালতে উপস্থিত ছিলেন। বাকি আসামিরা পলাতক।
মামলা সূত্রে জানা গেছে, ২০০২ সালের ২৯ জুলাই রাত আড়াইটার দিকে কক্সবাজার সদর উপজেলার লারপাড়া কেন্দ্রীয় বাস টার্মিনালের কাছে নিহত আক্তারের ছোট ভাইয়ের শাহাবুদ্দিনেরএকটি সিএনজি চালিত অটোরিক্সা আসামিরা চুরি করার চেষ্টা করলে আক্তার উদ্দিন তাতে বাধা দেন। এতে ক্ষিপ্ত হয়ে রাত সাড়ে ৩ টার দিকে আসামিরা এসে আক্তার উদ্দিন (৩৫) কে গুলি করে হত্যা করে।
এ ঘটনায় উখিয়ার রত্নাপালংয়ের জমির উদদীনের ছেলে আব্বাস উদ্দীন বাদি হয়ে কক্সবাজার সদর মডেল থানায় হত্যা মামলা করেন।
পরের বছর ৩ জুন মামলার অভিযোগ গঠন হয়। মামলায় সাক্ষীদের সাক্ষ্য গ্রহণ ও জেরার পর মামলার রায় হয়।
মামলায় বেকসুর খালাস পেয়েছেন আবদুল জলিল, আশফাকুর রহমান মিল্কী ও ওবায়দুল হক।