২০ বছর পালিয়ে থাকার পর স্ত্রী হত্যার দায়ে স্বামী গ্রেপ্তার
স্ত্রী হত্যার দায়ে রাজধানী ঢাকার ভাটারা এলাকা থেকে স্বামী মো. আনোয়ার হোসেনকে (৫৫) গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম দ্য ডেইলি স্টারকে এ তথ্য জানিয়েছেন।
আনোয়ার হোসেনের বাড়ি দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার শিবনগর ইউনিয়নের রাজারামপুর ফকিরপাড়া গ্রামে। তার বাবার নাম জসিম উদ্দীন।
আশরাফুল ইসলাম জানান, আনোয়ার তার স্ত্রীকে হত্যা করেন। সেই মামলায় তার যাবজ্জীবন কারাদণ্ড হয়েছিল। সাজা এড়াতে তিনি দীর্ঘ ২০ বছর পালিয়ে ছিলেন। বুধবার তিনি ঢাকায় গ্রেপ্তার হন। গতকাল রাতে তাকে ফুলবাড়ীতে আনা হয়েছে।
আশরাফুল আরও জানান, পারিবারিক কলোহের জেরে ২০০০ সালে ১০ জানুয়ারি হত্যার স্বীকার হন আলতাফুন নেছা (২৫)। তিনি মাদিলাহাট এলাকার আফছার উদ্দিনের মেয়ে। আনোয়ার ও আলতাফুন ফুলবাড়ী উপজেলার উত্তর সুজাপুর গ্রামের একটি ভাড়া বাসায় বসবাস করতেন। হত্যাকাণ্ডের পরে আলতাফুনের বাবা মো. আফছার উদ্দিন বাদী হয়ে মামলা দায়ের করেন। সেই মামলায় আদালত আনোয়ারকে যাবজ্জীবন কারাদণ্ড দেন।
আজ আদালতের আদেশে আনোয়ারকে কারাগারে পাঠানো হয়েছে, বলেন আশরাফুল।