৩৮টি ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ গঠন
করোনা মহামারিতে বিচারকাজ পরিচালনার জন্য হাইকোর্টের ৩৮টি ভার্চুয়াল বেঞ্চ গঠন করা হয়েছে। আজ বুধবার প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন এই বেঞ্চগুলো গঠনের নির্দেশনা দেন।
সরকার আগামীকাল থেকে কঠোর লকডাউন শিথিল করার ঘোষণা দেওয়ার পর হাইকোর্টের বেঞ্চগুলো গঠন করা হয়েছে।
তবে, আগামীকাল বৃহস্পতিবার বিচারকাজ চলার পর শুক্র ও শনিবার দুই দিনের সাপ্তাহিক ছুটির পর দুই সপ্তাহের জন্য হাইকোর্টের বার্ষিক ছুটি শুরু হবে।
প্রধান বিচারপতির জারি করা ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, হাইকোর্টে ২৫ দ্বৈত বেঞ্চ এবং ১৩টি একক বেঞ্চে বিচার কার্যক্রম পরিচালিত হবে। বেঞ্চগুলোতে শারীরিক উপস্থিতি ছাড়াই তথ্য প্রযুক্তি ব্যবহার করে বিচারকাজ চলবে।
প্রধান বিচারপতি ছুটির দিনে আদালত পরিচালনার জন্য সম্প্রতি চারটি হাইকোর্ট বেঞ্চ গঠন করেছেন।
প্রধান বিচারপতি গত ৩০ জুন কোভিড-১৯ মহামারিতে ভার্চুয়াল আদালতের মাধ্যমে দেশব্যাপী সীমিত আকারে বিচারকাজ পরিচালনা করার সিদ্ধান্ত নেন।