৩ জানুয়ারি পর্যন্ত মায়ের কাছে থাকবে জাপান থেকে আনা ২ শিশু: আপিল বিভাগ
দুই শিশু কন্যা নাকানো জেসমিন মালিকা (১১) এবং নাকানো লায়লা লিনাকে (৯) আগামী ৩ জানুয়ারি পর্যন্ত মা এরিকো নাকানোর কাছে রাখার নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।
আজ বুধবার এই নির্দেশ দেন দেশের সর্বোচ্চ আদালত। চলতি বছরের ফেব্রুয়ারিতে ওই ২ শিশুকে জাপান থেকে বাংলাদেশে আনা হয়।
তাদের বাবা বাংলাদেশে জন্মগ্রহণকারী মার্কিন নাগরিক ইমরান শরীফ এই সময়ের মধ্যে প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত যে কোনো সময় তার মেয়েদের সঙ্গে দেখা করতে পারেন। শীর্ষ আদালতের আদেশে বলা হয়েছে, শিশুদের অবশ্যই স্কুলে যাওয়ার অনুমতি দিতে হবে।
জাপানি মা এরিকো হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে শিশুটিকে তার হেফাজতে চেয়ে করা আবেদনের পরিপ্রেক্ষিতে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ এ আদেশ দেন।
এরিকোর আইনজীবী মোহাম্মদ শিশির মনির দ্য ডেইলি স্টারকে বলেন, 'আরও শুনানির জন্য বেঞ্চ ৩ জানুয়ারি দিন ধার্য করেছে।'
এরিকোর একটি রিট পিটিশনের রায়ে গত ২১ নভেম্বর হাইকোর্ট নির্দেশ দিয়েছিলেন, জেসমিন এবং লায়লা তাদের বাবা ইমরান শরীফের সঙ্গে থাকবে এবং তাদের মা এরিকো বছরে ৩ বার তাদের (সন্তানদের) সঙ্গে দেখা করতে পারবেন।
এতে আরও বলা হয়েছিল, এরিকো তার সন্তানদের (জেসমিন এবং লায়লা) সঙ্গে একটানা ১০ দিনের জন্য দেখা করতে পারবেন এবং এই সময়কালে তার ভ্রমণ এবং অন্যান্য প্রাসঙ্গিক ব্যয় বহন করবেন ইমরান।
এ ছাড়া, তিনি (এরিকো) তার সন্তানদের সঙ্গে বাংলাদেশে অন্য যে কোনো সময় তার নিজের খরচে দেখা করতে পারবেন। কারণ তিনি (এরিকো) জাপানে থাকেন এবং তিনি নিজ দেশে (জাপান) সেবামূলক পেশার সঙ্গে জড়িত।