৪ আসামিকে ১ সপ্তাহের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ সুপ্রিম কোর্টের
কক্সবাজারে পূজামণ্ডপ ভাঙচুর মামলার চার আসামিকে এক সপ্তাহের মধ্যে নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের আপিল বিভাগের চেম্বার জজ বিচারপতি ওবায়দুল হাসান মামলায় তাদের আগাম জামিন দেওয়ার হাইকোর্টের আদেশও স্থগিত করেছেন।
মামলার চার আসামি হলেন- কক্সবাজারের পেকুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও স্থানীয় বিএনপি নেতা বাহাদুর শাহ, স্থানীয় যুবদল নেতা কামরান জাহিদ, সাজ্জাদ ও শাহনেওয়াজ আজাদ।
হাইকোর্টের জামিনের আদেশকে চ্যালেঞ্জ করে রাষ্ট্রপক্ষের করা আবেদনের পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্টের চেম্বার বিচারক এই আদেশ দেন।
ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিৎ দেবনাথ দ্য ডেইলি স্টারকে বলেন, সুপ্রিম কোর্ট চেম্বার বিচারক এই ধরনের মামলায় অভিযুক্ত হওয়ায় চার জনের আগাম জামিনের হাইকোর্টের আদেশ স্থগিত করেছেন।
গত ১৩ অক্টোবর পবিত্র কোরআন অবমাননার অজুহাতে কুমিল্লায় সহিংসতার ধারাবাহিকতায় কক্সবাজারের পেকুয়া ইউনিয়নে পূজা মণ্ডপে হামলা ও ভাঙচুর করা হয়।
তিনি বলেন, ১৫ অক্টোবর আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয় এবং হাইকোর্ট ২৮ অক্টোবর তাদের আগাম জামিন মঞ্জুর করে ৫ ডিসেম্বর পর্যন্ত।
রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন এবং আসামি পক্ষে ছিলেন আইনজীবী মো. রুহুল কুদ্দুস কাজল।