৪ মাস পর নিম্ন আদালতে বিচারকাজ শুরু
করোনা মহামারির কারণে চার মাসের বেশি সময় স্থগিত থাকার পর, আজ বুধবার থেকে সারা দেশের নিম্ন আদালতে স্বাভাবিক বিচার কার্যক্রম শুরু হয়েছে।
বুধবার সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. আলী আকবরের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের সব দেওয়ানি ও ফৌজদারি আদালত এবং ট্রাইব্যুনালে স্বাভাবিক বিচার কার্যক্রম ভার্চুয়ালি অথবা প্রয়োজনে সুরক্ষামূলক ব্যবস্থা নিয়ে শারীরিক উপস্থিতিতে সাক্ষ্য গ্রহণ করা যাবে।
করোনা সংক্রমণ রোধে এপ্রিল মাস থেকে নিম্ন আদালতের নিয়মিত বিচার কার্যক্রম স্থগিত ছিল। তবে, সীমিত পরিসরে কিছু বিচারিক কার্যক্রম চালানোর অনুমতি দেওয়া হয়েছিল।
এছাড়া, আজ থেকে হাইকোর্টের ৫৩টি বেঞ্চ ভার্চুয়াল পদ্ধতিতে বিচারিক কার্যক্রম শুরু করেছে।