৫ অবৈধ সিসা কারখানা উচ্ছেদ, ২ ইটভাটাকে জরিমানা
কুমিল্লায় অভিযান চালিয়ে ব্যাটারি পুড়িয়ে সিসা তৈরির ৫টি অবৈধ কারখানা উচ্ছেদ ও দুটি ইটভাটাকে জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর।
বুধবার সকাল থেকে বিকেল পর্যন্ত ওই অভিযান পরিচালিত হয়।
এ বিষয়ে পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক শওকত আরা কলি দ্য ডেইলি স্টারকে বলেন, 'পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়া অবৈধভাবে পরিচালিত বেশকিছু ইটভাটা ও ব্যাটারি পুড়িয়ে সিসা তৈরির কারখানায় অভিযান পরিচালিত হয়। অভিযানে পরিবেশের ক্ষতিসহ বিভিন্ন অভিযোগে সদর উপজেলার শংকরপুরে এস ইসলাম ব্রিকস ফিল্ডকে ২ লাখ ৫০ হাজার এবং বুড়িচংয়ের কংশনগর এলাকায় ইসলাম ব্রিকসকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।'
তিনি জানান, দুপুরে ময়নামতি ইউনিয়নের শরিফপুর এলাকায় অভিযান চালিয়ে অনুমোদনহীন পরিবেশ বিধ্বংসী সিসা তৈরির অবৈধ কারখানা রবি ব্যাটারী হাউজকে নগদ ৬০ হাজার টাকা জরিমানা এবং কারখানাটি উচ্ছেদ করা হয়েছে।
এ ছাড়া বিকেলে জেলার দেবিদ্বার ও চান্দিনা উপজেলা সীমান্তের কাবিলপুর এলাকায় মেসার্স যমুনা ব্যাটারি কোম্পানি ও একই এলাকায় বেনামে আরও ২টি সিসা কারখানা গুড়িয়ে দেওয়া হয়। এর আগে মুরাদনগর উপজেলায় আরও একটি সিসা কারখানা উচ্ছেদ করা হয় বলে জানান তিনি।
পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাঈদা পারভীনের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে জেলা পুলিশের একটি টিম ও পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা অংশ নেন।