৬০ কোটি টাকা আত্মসাতের মামলায় কারাগারে জেকা বাজারের এমডি

নিজস্ব সংবাদদাতা, ফরিদপুর

প্রায় ২০ হাজার গ্রাহকের কাছ থেকে ৬০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে করা মামলায় ই-কমার্স প্রতিষ্ঠান জেকা বাজারের নির্বাহী পরিচালক জাবিউল্লাহ খানকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

গতকাল শনিবার বিকেলে ফরিদপুর থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। আজ বিকেলে তাকে কারাগারে পাঠিয়েছেন আদালত।  

রাজবাড়ীর সিআইডির পরিদশক জিল্লুর রহমান দ্য ডেইলি স্টারকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

জাবিউল্লাহ খান রাজবাড়ীর কালুখালী উপজেলার রতনদিয়া ইউনিয়নের গঙ্গানন্দপুর গ্রামের শুকুর আলির ছেলে। ভুক্তভোগীদের সঙ্গে কথা বলে জানা যায়, রাজবাড়ী শহরের নান্নু টাওয়ারে প্রতিষ্ঠানটির কার্যালয় ছিল।

গত বছর ২ নভেম্বর প্রতারণার অভিযোগে প্রতিষ্ঠানটির কার্যালয় সিলগালা করে দেয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এরপর থেকে প্রতিষ্ঠানটির প্রধান জাবেউল্লাহ খান আত্মগোপনে ছিলেন।

সিআইডির পরিদশক জিল্লুর রহমান জানান, গত বছর ১৪ নভেম্বর ভুক্তভোগী গ্রাহকেরা প্রায় ৬০ থেকে ৭০ কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ জাবিউল্লাহ খানকে প্রধান আসামি করে মোট ৪ জনের বিরুদ্ধে রাজবাড়ী সদর থানায় মামলা করেন।

তিনি আর জানান, গতকাল গ্রেপ্তারের পর জাবিউল্লাহ খানকে নিয়ে রাজবাড়ী শহরের নান্নু টাওয়ারে প্রতিষ্ঠানটির কার্যালয়ে অভিযান পরিচালনা করা হয়। সেসময় ওই প্রতিষ্ঠান থেকে বেশ কিছু মালামাল জব্দ করা হয়।

ভুক্তভুগি মেহেদী হাসান প্রিন্স নামের এক ব্যবসায়ী দ্য ডেইলি স্টারকে বলেন, 'জেকা বাজার স্বপ্লমূল্যে বিভিন্ন পণ্য সরবরাহ করতো। এজন্য প্রতিষ্ঠানটি সদস্য হতে হতো। আমি প্রথমে জেকা বাজার লিমিটেডের সঙ্গে যুক্ত হই। পরে আমার অনেক আত্মীয়কে এই প্রতিষ্ঠানে যুক্ত করি।'

'প্রতিষ্ঠানটি উধাও হওয়ার মাসেও আমি ও আমার আত্মীয়-স্বজন মিলে ২৩ লাখ টাকা বিনিয়োগ করি। সবমিলিয়ে আমাদের অন্তত ৫০ লাখ টাকা বিনিয়োগ আছে। আমার নিজের কথা বলার ভাষা নেই। আত্মীয়-স্বজনদের কাছ থেকে প্রতিনিয়ত বিভিন্ন কথাবার্তা শুনতে হচ্ছে,' বলেন তিনি।