৬ রোহিঙ্গা হত্যা মামলায় গ্রেপ্তার আরও ১

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

উখিয়ার ময়নারঘোনা রোহিঙ্গা ক্যাম্পে ৬ রোহিঙ্গা হত্যা মামলায় আরও এক রোহিঙ্গা সদস্যকে গ্রেপ্তার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন-১৪)।

শুক্রবার সন্ধ্যায় তাকে গ্রেপ্তার করা হয়ে বলে দ্য ডেইলি স্টারকে জানিয়েছেন এপিবিএন-১৪-এর কমান্ডিং অফিসার মো. নাইমুল হক।

তিনি জানান, গ্রেপ্তার মো. হাসন মিয়া (২৮) সিক্স মার্ডারের এফআইআরভুক্ত আসামি এবং তাকে গোপন তথ্যের ভিত্তিতে উখিয়ার ক্যাম্প-১৭ থেকে গ্রেপ্তার করা হয়। এই হত্যা মামলায় এ পর্যন্ত মোট ২৪ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

ইতোমধ্যে ৩ জন আসামি আদালতে স্বীকারোক্তিমুলক জবানবন্দি দিয়েছেন।

এর আগে, গত বছরের ২২ অক্টোবর উখিয়ার ময়নারঘোনা ক্যাম্প-১৮ এর একটি মাদ্রাসায় ঘুমন্ত অবস্থায় শিক্ষক-শিক্ষার্থীসহ ৬ জনকে কুপিয়ে ও গুলি করে হত্যা করে অস্ত্রধারীরা। কুতুপালং শরণার্থী শিবিরে রোহিঙ্গা নেতা মহিব উল্লাহকে হত্যার ২৩ দিন পর এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত ৬ জনের মধ্যে মো. ইব্রাহিম হোসেন (২২), আজিজুল হক (২৬) মাদ্রাসার শিক্ষার্থী এবং মো. নুর আলম হালিম (৪৫) ও হামিদুল্লাহ (৫৫) শিক্ষক ছিলেন বলে তাদের পরিবারের সদস্যরা ও স্থানীয় সূত্র জানায়। অন্য ২ জন হলেন মাদ্রাসার স্বেচ্ছাসেবক মো. আমিন (৩২) ও ইদ্রিস (৩২)। তারা ক্যাম্প-১২-এর ব্লক-জ৫-এর বাসিন্দা ছিলেন।