৭ বছরের শিশু ধর্ষণ মামলায় রিকশাচালক গ্রেপ্তার
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় ৭ বছরের এক শিশুকে ধর্ষণের ঘটনায় দায়ের মামলায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার পায়রা চত্ত্বর থেকে মো. বাচ্চু (৪৬) নামের ওই রিকশাচালককে গ্রেপ্তার করা হয়। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক হওলাদার দ্য ডেইলি স্টারকে জানান, আজ ভোরে শিশুটিকে রাস্তার পাশে রেখে তার মা বাজার পরিষ্কারের কাজ করছিলেন। এ সময় রিকশাচালক বাচ্চু শিশুটিকে চকলেট কিনে দেওয়ার কথা বলে মাঠে নিয়ে ধর্ষণ করেন। শিশুর চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে গেলে বাচ্চু পালিয়ে যান।
এ ঘটনায় আজ সকালে শিশুর মা বাচ্চুকে আসামি করে মামলা করেন। পরে ওই মামলায় বাচ্চুকে গ্রেপ্তার করা হয়।
শিশুটিকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান ওসি।