৮ বছর পর হত্যা মামলার পলাতক আসামি আটক
গাজীপুরের জয়দেবপুর উপজেলায় ব্যবসায়ী নিজাম উদ্দিন হত্যা মামলার পলাতক আসামি সোহেল রানা ওরফে সোহেলকে সাভারের আশুলিয়া থেকে আটক করেছে র্যাব-৪।
আজ শনিবার সকালে র্যাব-৪ (সিপিসি-২) এর লেফটেন্যান্ট কমান্ডার রাকিব মাহমুদ খান দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গতকাল রাতে আশুলিয়ার চক্রবর্তী এলাকা থেকে সোহেলকে আটক করা হয়।
র্যাবের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০১৪ সালের ২ ডিসেম্বর গাজীপুরের পানিশাইল এলাকায় ব্যবসায়ী নিজাম উদ্দিনকে দুর্বৃত্তরা কুপিয়ে হত্যা করে। ওই ঘটনায় মামলা হলে তদন্তে জানা যায়, নিজাম উদ্দিনের কাছে বিভিন্ন সময় সোহেলসহ তার সন্ত্রাসী বাহিনী চাঁদা দাবি করে আসছিল। চাঁদা না পেয়ে সোহেল ও তার সন্ত্রাসী বাহিনী নিজামকে কৌশলে জয়দেবপুর এলাকার ডেকে নিয়ে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে। ঘটনার পর সোহেল আত্মগোপনে চলে যায়।
এতে আরও জানানো হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত সোহেল উক্ত হত্যার সঙ্গে জড়িত বলে স্বীকারোক্তি প্রদান করেছে। নিহতের সঙ্গে আসামিদের চাঁদা সংক্রান্ত বিরোধের জেরে এই হত্যাকাণ্ড সংঘটিত হয় বলে র্যাবের কাছে স্বীকার করেছে সোহেল।