৯৯৯ নম্বরে ফোন পেয়ে রাস্তায় ফেলে যাওয়া নবজাতক উদ্ধার
লালমনিরহাট সদরের কালিবাড়ি খাদ্য গুদামের সামনে থেকে এক নবজাতককে উদ্ধার করা হয়েছে।
আজ সোমবার সকাল সাড়ে ৬টায় খাদ্য গুদামের পাশের একটি রাস্তার ওপর থেকে শিশুটিকে উদ্ধার করা হয়।
সকালে স্থানীয় এক বাসিন্দা দেখেন শিশুটিকে সেখানে ফেলে রাখা হয়েছে। ঠান্ডায় শিশুটির শরীর নীল হয়ে গেলেও শিশুটি বেঁচে আছে। তখন তিনি 'জাতীয় জরুরি সেবা ৯৯৯' নম্বরে ফোন করে বিষয়টি জানান।
৯৯৯ কলটেকার কনস্টেবল সজীব দাশ কলটি রিসিভ করেন। এরপর সজীব তাৎক্ষণিকভাবে কলারের সঙ্গে লালমনিরহাট সদর থানার ডিউটি অফিসারের কথা বলিয়ে দেন।
সংবাদ পেয়ে লালমনিরহাট সদর থানার একটি দল ঘটনাস্থলে পৌঁছায়। পরে লালমনিরহাট সদর থানার এস আই রফিকুল ইসলাম ৯৯৯ নম্বরে ফোন জানান তারা একদিন বয়সী (আনুমানিক) নবজাতক মেয়ে শিশুকে উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করেন।
এ বিষয়ে লালমনিরহাট সদর থানার ওসি মো. শাহা আলম জানান ক্রিটিকাল কন্ডিশন হওয়ায় বাচ্চাটি সদর হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন রয়েছে।