৯ মামলায় জামিন পেলেন ইভ্যালির রাসেল

স্টার অনলাইন রিপোর্ট

চেক প্রতারণার ৯টি মামলায় জামিন পেয়েছেন ইভ্যালির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ রাসেল। তবে, আরও কয়েকটি মামলায় জামিন না পাওয়ায় কারাগার থেকে বের হতে পারবেন না তিনি।

আসামিপক্ষের আইনজীবী আহসান হাবিব দ্য ডেইলি স্টারকে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ইভ্যালির সিইও রাসেল ঢাকার বিভিন্ন আদালত থেকে ৯টি জালিয়াতির মামলায় জামিন পেয়েছেন। তবে, আরও কিছু মামলায় জামিন না পাওয়ায় রাসেল কারাগার থেকে বের হতে পারবেন না বলে জানান তিনি।

একই অভিযোগে দায়ের করা ৬ মামলায় ৬ মাস কারাভোগের পর গত ৬ এপ্রিল গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে বেরিয়ে আসেন ইভ্যালি চেয়ারম্যান শামীমা নাসরিন।

গুলশান থানায় দায়ের করা অর্থ আত্মসাতের মামলায় গত বছরের ১৬ সেপ্টেম্বর রাজধানীর মোহাম্মদপুর এলাকায় তাদের বাসায় অভিযান চালিয়ে ইভ্যালির সিইও রাসেল ও তার স্ত্রী, ইভ্যালির চেয়ারম্যান শামীমা নাসরিনকে গ্রেপ্তার করে র‍্যাব।