আশুলিয়ায় কাভার্ড ভ্যানচাপায় টঙ্গী সরকারি কলেজছাত্র নিহত
সাভারের আশুলিয়ায় কাভার্ড ভ্যানের ধাক্কায় টঙ্গী সরকারি কলেজের স্নাতক তৃতীয় বর্ষের ছাত্র সাহিদুল ইসলাম রাকিব (২৩) নিহত হয়েছেন। এ ঘটনায় সহিদুল ইসলাম নামের আরেক জন গুরুতর আহত হন৷
আজ শুক্রবার সকাল পৌনে ৮টার দিকে কাশিমপুর-নরসিংহপুর সড়কের নরসিংহপুর বটতলা এলাকার দি টাঙ্গাইল স্কুলের সামনে এই দুর্ঘটনা ঘটে।
আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) কাওসার হামিদ দ্য ডেইলি স্টারকে বলেন, 'সকালে রিকশাভ্যানে চড়ে কাশিমপুর-নরসিংহপুর সড়ক দিয়ে নরসিংহপুরের দিকে যাচ্ছিলেন রাকিব ও সহযাত্রী সহিদুল ইসলাম। সেসময় পেছন থেকে একটি কাভার্ড ভ্যান তাদের রিকশাভ্যানকে ধাক্কা দিলে রাকিব ঘটনাস্থলে মারা যান। গুরুতর আহত সহিদুলকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।'
তিনি আরও বলেন, 'সংবাদ পেয়ে ঘটনাস্থলে এসে একজনের মরদেহ দেখতে পাই। কাভার্ড ভ্যানটিকে চিহ্নিত করার চেষ্টা চলছে।'
তিনি জানান, সাহিদুল ইসলাম রাকিব ভোলার চরফ্যাশনের চর কলমি গ্রামের মো. লিটনের ছেলে। তিনি আশুলিয়ার পবনার টেক ক্লাব এলাকায় থাকতেন এবং টঙ্গী সরকারি কলেজে স্নাতক তৃতীয় বর্ষে পড়াশোনা করতেন।
করোনার কারণে কলেজ বন্ধ থাকায় রাকিব একটি ডিস্ট্রিবিউটর কোম্পানির বিপণন কর্মকর্তা হিসেবে কাজ করতেন। আহত সহিদুল ইসলাম তার সহকর্মী ছিলেন বলেও জানান এসআই কাওসার হামিদ।