আশুলিয়ায় কাভার্ড ভ্যানচাপায় মোটরসাইকেলচালক নিহত
সাভারের আশুলিয়ায় কাভার্ড ভ্যানচাপায় রাসেল শেখ (৩৫) নামে এ মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। আজ রোববার সকালে জামগড়া এলাকায় টঙ্গী-আশুলিয়া-ইপিজেড সড়কের এ দুর্ঘটনা ঘটে।
রাসেলের বাড়ি গোপালগঞ্জের কালিয়ান্দী থানাধীন রাইদকান্দী গ্রামে। তিনি ওই গ্রামের মৃত মান্নান শেখের ছেলে। তিনি ধামরাইয়ের গ্লোরিয়াস ড্রেসেস নামে একটি পোশাক কারখানায় লাইনম্যান হিসেবে কাজ করতেন।
আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) সুব্রত রায় বলেন, উল্টো দিকে মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় একটি কাভার্ড ভ্যান (চট্টগ্রাম মেট্রো ট ১১-২৯৬৬) তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার তথ্য পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। কাভার্ড ভ্যানচালককে চিহ্নিত করার চেষ্টা চলছে।