ক্রিকেটার নাঈমকে হেনস্তার ঘটনায় খুলশী থানার ওসি প্রত্যাহার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামে জাতীয় দলের ক্রিকেটার নাঈম হাসানকে মারধর ও হেনস্তার ঘটনায় খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল ইসলামকে প্রত্যাহার করা হয়েছে।

শনিবার রাতে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) ফয়সাল আহমেদ দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ওসি আরিফকে থানা থেকে বদলি করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। বাকলিয়া থানার ওসি মোহাম্মদ সোলাইমানকে খুলশী থানার দায়িত্ব দেওয়া হয়েছে।

গত ১২ জুন রাতে সাভারে ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচ শেষে চট্টগ্রামের বাড়িতে ফিরছিলেন নাঈম। শনিবার সকালে বিমানবন্দর থেকে বাসায় যাওয়ার পথে লালখান বাজার এলাকায় তার সিএনজি অটোরিকশা আটকায় পুলিশ।

নাঈম জানান, শুরু থেকেই পুলিশ বৈরী আচরণ করে ও তিনি কথা বলার চেষ্টা করলে তার গলা চেপে ধরে। আশপাশের মানুষ পুলিশকে তার পরিচয় (জাতীয় ক্রিকেটার নাঈম হাসান) দেওয়া সত্ত্বেও তাকে পাইপ দিয়ে পেটানো হয়। এরপর নাঈমকে খুলশী থানায় নিয়ে যাওয়া হলে সেখানেও তার সঙ্গে আরও দুর্ব্যবহার করা হয়।

স্থানীয় গণমাধ্যমকে নাঈম বলেন, থানায় নেওয়ার পর আমি ওসিকে আমার পরিচয় দিয়েছি। পরিচয় দেওয়ার পর উনি আমাকে বললেন, ‘চোখ নিচে নামিয়ে কথা বল’। কিছুক্ষণ পর তার মোবাইলে একটি ফোন আসে। ফোনে কথা বলার পর তিনি আবার আমাকে বললেন, ‘ভাইয়া আপনি বসেন।’

তিনি আরও বলেন, ‘সবার পরিচিত থাকায় আমি হয়তো আজ রক্ষা পেয়েছি আরও খারাপ কিছু থেকে, কিন্তু একদম সাধারণ মানুষ হলে তার কী অবস্থা হতো!’