আহত স্বজনকে দেখতে গিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

স্টার অনলাইন রিপোর্ট

রাজধানীর উত্তরায় আহত কাভার্ডভ্যানের ধাক্কায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। গতরাতে সড়ক দুর্ঘটনায় আহত এক স্বজনকে দেখতে তারা হাজারীবাগ থেকে টঙ্গী যাচ্ছিলেন।

উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মোহাম্মদ আক্তারুজ্জামান ইলিয়াস দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন-হাজারীবাগ এলাকার মোটর মেকানিক অনিক (১৮), তার ফুপু হনুফা বেগম (৪৫) এবং তাদের পরিচিত এনামুল হক (৩৫)।

আজ বৃহস্পতিবার ভোর ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

গতরাতে বাসে ওঠার সময় আহত অনিকের বাবাকে দেখতে তারা টঙ্গী যাচ্ছিলেন।

হনুফা বেগমের মেয়ে সাদিয়া আক্তার ডেইলি স্টারকে বলেন, 'সেহরির সময় ফুপাতো ভাই অনিক আমাদের বাসায় এসে আমার মাকে তার বাবার দুর্ঘটনার কথা জানায়। মামাকে দেখতে আমার মা তার সঙ্গে যায়। তারা মোটরসাইকেলে রওনা হয়।'

মোটরসাইকেলে তারা উত্তরার আমির কমপ্লেক্সের কাছে পৌঁছালে একটি কাভার্ডভ্যান সেটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই ২ জনের মৃত্যু হয়।

পুলিশ জানায়, দুর্ঘটনায় আহত অনিককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

উত্তরা পশ্চিম থানার ওসি শাহ মোহাম্মদ আক্তারুজ্জামান ইলিয়াস জানান, পুলিশ কাভার্ডভ্যানটি আটক করলেও এর চালক পালিয়ে যেতে সক্ষম হয়েছে।