ইংরেজি নববর্ষ পালন করতে গিয়ে সড়কে প্রাণ গেল কলেজ শিক্ষার্থীর
ইংরেজি নববর্ষ-২০২২ পালন করতে বাসা থেকে বের হয়ে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন এক কলেজ শিক্ষার্থী।
নিহত শিক্ষার্থী সাজেদুল খান নয়ন (২০) যশোর শহরের পুরাতন কসবার মালয়েশিয়া প্রবাসী রমজান খানের ছেলে। নয়ন যশোর ক্যান্টনমেন্ট কলেজের শিক্ষার্থী।
গত শুক্রবার রাতে বেনাপোল-যশোর সড়কের মল্লিকপুর এলাকায় মোটরসাইকেলের সঙ্গে ইঞ্জিনচালিত ভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত হন নয়ন। ঘটনায় আহত হয়েছেন আরও ২ জন।
নিহতের স্বজনরা জানান, সাজেদুল খান তার বন্ধু আরিফুজ্জামান (১৮) কে নিয়ে ইংরেজি নববর্ষ পালন করতে বাসা থেকে বের হন। রাত ১০ টার দিকে যশোর-বেনাপোল সড়কের মল্লিকপুরে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি ইঞ্জিনচালিত ভ্যানের সঙ্গে তাদের মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটর সাইকেলে থাকা নয়ন, আরিফুজামান ও ভ্যানচালক মিলন (২০) গুরুতর আহত হন। তাদের যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে নয়নের মৃত্যু হয়। আহতদের অবস্থা গুরুতর।
যশোর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম দ্য ডেইলি স্টারকে বলেন, 'বেনাপোল-যশোর সড়কের মল্লিকপুর এলাকায় মোটরসাইকেলের সঙ্গে ভ্যানের মুখোমুখি সংঘর্ষে সেই কলেজ শিক্ষার্থী নিহত হয়েছেন। নিহত শিক্ষার্থী এইচএসসিতে গোল্ডেন এ প্লাস পেয়ে মেডিকেলে ভর্তির জন্য কোচিং করছিলেন।'