ঈদের কেনাকাটা করা হলো না বাবা-ছেলের

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

দুই ছেলের জন্য ঈদের পোশাক কেনার কথা ছিল বাবা আবুল সালেহ ও মা মুনিরা আক্তার। কিন্তু তা আর হলো না। সাত মাসের শিশুসন্তান মোমিন ও বাবা আবুল সালেহ লরিচাপায় প্রাণ হারিয়েছেন। আহত হয়েছে ৪ বছরের আরেক সন্তান আব্দুল্লাহ আল মাহির।

আজ শনিবার দুপুরে চট্টগ্রাম নগরীর ইপিজেড থানাধীন বন্দরটিলার শাহ শপিং কমপ্লেক্সের সামনে কন্টেইনারবাহী লরিচাপায় মারা যান বাবা ও ছেলে।

ঘটনার পর পাগলপ্রায় মা মনিরা আক্তার। চোখের সামনে স্বামী ও কোলের শিশুকে হারিয়ে শোকে স্তব্ধ এই মা।

স্বজনেরা জানান, সাত মাস আগে পোশাক শ্রমিক আবু সালেহ এবং মনিরা আক্তার দম্পতির কোল আলো করে জন্ম নেয় ছেলে আব্দুল্লাহ আল মোমিন। একদিকে রমজান-ঈদ আর অন্যদিকে নতুন সন্তানের আগমন। দুই মিলেই আনন্দের বন্যা বয়ে যাচ্ছিলো এই চার সদস্যের এই পরিবারে। দ্বিতীয় সন্তানের প্রথম ঈদ। তাই সাধ্যের মধ্যে ঈদের বাজার করতে রিকশায় করে নগরীর আকমল আলী রোডের বাসা থেকে বন্দরটিলার শাহ শপিং কমপ্লেক্সে যাচ্ছিলেন তারা।

ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কবিরুল ইসলাম দ্য ডেইলি স্টারকে বলেন, 'দুই সন্তানকে নিয়ে স্ত্রীসহ ঈদের কেনাকাটার জন্য যাচ্ছিলেন ২৮ বছর বয়সী আবু সালেহ। সিমেন্ট ক্রসিং থেকে বন্দরটিলা যাওয়ার পথে লরির পেছনে রিকশাটি আটকে গেলে রাস্তায় পরে যান বাবা ও ছেলে। তখন পেছনের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান তারা।

ওসি কবিরুল ইসলাম বলেন, ঘাতক লরির চালককে ধরে উত্তেজিত জনতা পিটুনি দিয়েছে। পুলিশ আহত চালককে আটক করেছে।

ময়নাতদন্তের জন্য মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।