উখিয়া রোহিঙ্গা ক্যাম্পের ৩০টি ঘর পুড়ে ছাই
কক্সবাজারের উখিয়া উপজেলার বালুখালী রোহিঙ্গা আশ্রয় শিবিরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে বালুখালী ৯ নম্বর রোহিঙ্গা শিবিরের আট নম্বর ব্লকে আগুনের সূত্রপাত হয়।
৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক (এসপি) মোহাম্মদ সিহাব কায়সার খান দ্য ডেইলি স্টারকে বলেন, ‘বালুখালী ৯ নম্বর রোহিঙ্গা শিবিরের ব্লক আটের এক রোহিঙ্গার ঘর থেকে আগুনের সূত্রপাত হয়। আগুনের লেলিহান শিখা দেখে আর্মড পুলিশের কয়েকটি দল ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায়। পরে ফায়ার ব্রিগেডসহ যৌথভাবে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।’
আগুন সূত্রপাত কীভাবে হলো তা এখনো জানা যায়নি। এ মুহূর্তে ক্ষয়ক্ষতির পরিমাণও নির্ধারণ করা হয়নি। তবে, কোনো হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। আগুনে ২০ থেকে ৩০টি ঘর পুড়ে ছাই হয়ে গেছে বলে জানিয়েছেন তিনি।