উত্তরায় বসতঘরে আগুন, একই পরিবারের নিহত ৩
রাজধানীর উত্তরায় চন্ডালবুক এলাকার এক বস্তির বসতঘরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় সেখান থেকে একই পরিবারের ৩ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
আজ মঙ্গলবার ভোররাতে ওই বসতঘরে আগুন লাগে বলে জানান ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার খালেদা আক্তার।
তিনি দ্য ডেইলি স্টারকে বলেন, 'উত্তরার চন্ডালবুক মানিক বস্তি খালপাড়ে সরকারি খাস জমিতে নির্মিত সুরুজ মিয়ার ঘরে এই অগ্নিকাণ্ড ঘটে। ফায়ার সার্ভিস আগুনের সংবাদ পায় ভোররাত সোয়া ৪টায়। আগুন নিয়ন্ত্রণে উত্তরা ফায়ার স্টেশনের ৩টি ইউনিট কাজ করে। আগুনে ২ কক্ষের একটি টিনশেড ঘর ক্ষতিগ্রস্ত হয়। আগুন নিয়ন্ত্রণ ও নির্বাপিত হয় পৌনে ৬টায়।'
খালেদা আক্তার আরও বলেন, 'এ অগ্নিকাণ্ডের সম্ভাব্য কারণ বৈদ্যুতিক গোলযোগ বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। দুর্ঘটনাস্থল থেকে ৩ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তারা হলেন, মো. জাহাঙ্গীর (১৯), রুমা আক্তার (১৭) এবং আফরিন (১৪)।'
এদের মধ্যে জাহাঙ্গীর ও রুমা ভাই-বোন এবং আফরিন তাদের খালাতো বোন বলে জানা গেছে।
তাদের মরদেহ তুরাগ থানার এসআই ওয়াজিউর রহমানের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।
উত্তরা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মোহাম্মদ রাসেল ডেইলি স্টারকে বলেন, 'নিহতদের শরীরে দগ্ধের হার কম। এতে মনে হচ্ছে, আগুন ছড়িয়ে পড়ার আগেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বা আগুনের সময় দম বন্ধ হয়ে তারা মারা যেতে পারেন।'