উপকেন্দ্রে আগুন, নওগাঁ ও বগুড়ার ৫ উপজেলা বিদ্যুৎহীন
নওগাঁ শহরের কাঁঠালতলী এলাকায় অগ্নিকাণ্ডে নেসকোর উপকেন্দ্র ক্ষতিগ্রস্ত হওয়ায় বগুড়া ও নওগাঁর পাঁচটি উপজেলা বিদ্যুৎহীন হয়ে পড়েছে। আজ শুক্রবার সকালে নওগাঁ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার শফিউল ইসলাম জানিয়েছেন, ভোরে বিদ্যুৎ উপকেন্দ্রে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
তিনি দ্য ডেইলি স্টারকে বলেন, আনুমানিক ৫টা ৩৫ মিনিটে উপকেন্দ্রে আগুন লাগে। আগুন বড় ছিল না, আমরা ১৫ মিনিটের মধ্যেই নিভিয়ে ফেলতে সক্ষম হয়েছি। শুধুমাত্র একটি কক্ষে আগুন লেগেছিল। তবে জায়গাটি গুরুত্বপূর্ণ। দরজা-জানালা ভেঙে, বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে আমাদের আগুন নেভাতে হয়েছে।
নেসকোর নওগাঁ বিক্রয় ও বিতরণ (উত্তর) বিভাগের নির্বাহী প্রকৌশলী মনির হোসেন ডেইলি স্টারকে বলেন, সাড়ে ৫টার দিকে বিকট শব্দ শুনতে পাই। বাইরে এসে দেখি সাব-স্টেশনের চারটি রুমের মধ্যে একটিতে আগুন ধরে গেছে। আগুন জ্বলছিল পাওয়ার কন্ট্রোল প্যানেলে। ফায়ার এক্সটিংগুইশার দিয়ে প্রথমে আমি আগুন নেভানোর চেষ্টা করেছিলাম, তাতে কাজ না হওয়ায় ফায়ার সার্ভিসকে খবর দিই। তারা দ্রুত এসে আগুন নেভায়।
তিনি আরও বলেন, অগ্নিকাণ্ডে পাওয়ার কন্ট্রোল প্যানেল, ব্রেকার ও অন্যান্য সরঞ্জামাদি পুড়ে গেছে। যে কারণে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখতে হয়েছে। ভোর থেকেই নওগাঁর সদর উপজেলা, আত্রাই ও রাণীনগর এবং বগুড়ার আদমদিঘী ও শান্তাহার উপজেলা বিদ্যুৎহীন। এই উপজেলাগুলোতে আমাদের এক লাখ পাঁচ হাজার গ্রাহক আছেন।
রাজশাহী থেকে টেকনিক্যাল টিম এসেছে। তার দেখছেন কী কারণে আগুন লেগেছে এবং মেরামত করতে কত সময় লাগতে পারে। সাব-স্টেশনের চারটি রুমের মধ্যে একটিতে আগুন লাগলেও তাপে অন্য রুমের যন্ত্রাংশ ক্ষতিগ্রস্ত হয়েছে কি না তা-ও দেখছে টেকনিক্যাল টিম। অগ্নিকাণ্ডের সময় সাব-স্টেশন অ্যাটেনডেন্ট গাজীউল ইসলাম দায়িত্বে ছিলেন— বলেন মনির হোসেন।