শরীয়তপুর

উপজেলা পরিষদের ভবন থেকে পড়ে পরিচ্ছন্নতা কর্মীর মৃত্যু

নিজস্ব সংবাদদাতা, শরীয়তপুর

শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলা পরিষদের ভবন থেকে পড়ে এক নারী পরিচ্ছন্নতা কর্মীর মৃত্যু হয়েছে। নিহত সখিনা বেগম (৪৫) উপজেলা পরিষদের চেয়ারম্যানের কার্যালয়ে অস্থায়ী পরিচ্ছন্নতা কর্মী ছিলেন।

আজ বৃহস্পতিবার দুপুর দুইটার দিকে এই দুর্ঘটনা ঘটে। ভেদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম রশিদুল বারী দ্য ডেইলি স্টারকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, নিহত সখিনা বেগম ভেদেরগঞ্জ উপজেলার নারায়ণপুর ইউনিয়নের বাসুদেবপুর গ্রামের ইউসুফ সিকদারের স্ত্রী। তিনি ভেদরগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যানের কার্যালয়ে পরিচ্ছন্নতা কর্মী হিসেবে অস্থায়ীভাবে কাজ করতেন। দুপুরে উপজেলা পরিষদ ভবনের তৃতীয় তলায় কাজ করার সময় অসাবধানতাবশত ৩য় তলা থেকে নিচে পড়ে যান। পরে সহকর্মীরা তাকে উদ্ধার করে ভেদেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় ভেদরগঞ্জ থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর আল নাসিফ দ্য ডেইলি স্টারকে জানান, নিহতের পরিবারকে প্রাথমিকভাবে দাফন-কাফনের আনুষঙ্গিক খরচ হিসেবে উপজেলা প্রশাসন ১০,০০০ টাকা আর্থিক সহায়তা দিয়েছে।