এএসআই এমাদুলই চালাচ্ছিলেন বাসটি, মামলা প্রক্রিয়াধীন
রাজধানীর গুলিস্তানে ২ জনকে চাপা দেওয়া বাসটি এএসআই এমাদুলই হক চালাচ্ছিলেন। পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সালাউদ্দিন বৃহস্পতিবার রাতে দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহতদের পরিবারের পক্ষ থেকে এএসআই এমাদুলের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন বলে জানান ওসি সালাউদ্দিন।
এএসআই এমাদুল সার্জেন্ট আহাদ পুলিশ বক্সে কর্মরত এবং এ মুহূর্তে তিনি পল্টন থানার হেফাজতে আছেন বলেও জানান ওসি।
আজ দুপুর ৩টার দিকে সার্জেন্ট আহাদ পুলিশ বক্সের বিপরীত পাশে শ্রাবণ ট্রান্সপোর্ট কোম্পানির একটি বাসের চাপায় ২ জন নিহত হন।
ওসি বলেন, 'গুলিস্তানে শ্রাবণ বাসটির চালক বাসে চাবি রেখে পালিয়ে গিয়েছিল। তাই এমাদুল বাসটিকে সার্জেন্ট আহাদ পুলিশ বক্সের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল বলে সে আমাদের জানিয়েছে।'
তিনি আরও বলেন, 'এমাদুল আমাদের আরও জানিয়েছে যে কিছুদূর চালানোর পর বাসটি নিয়ন্ত্রণ হারায়। তখনই দুর্ঘটনা ঘটে।'
তার বিরুদ্ধে আইনানুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ওসি।
তবে পুলিশ এভাবে বাস চালাতে পারে কি না জানতে চাইলে ঢাকা মেট্রোপলিটন পুলিশের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে দ্য ডেইলি স্টারকে বলেন, 'এ ধরনের পরিস্থিতিতে বা যদি কোনো গাড়িকে সরাতেই হয়, সে ক্ষেত্রে রেকারের বিকল্প নাই।'
ঘটনাস্থলের প্রত্যক্ষদর্শীরা ডেইলি স্টারকে জানান, দুপুরে বাসটি ফ্লাইওভার থেকে নামার পর এএসআই এমাদুল বাসটিকে থামিয়ে যাত্রী ও বাসচালককে বাস থেকে নামিয়ে দেন। পরে তিনি নিজে বাসটি চালু করে সার্জেন্ট আহাদ পুলিশ বক্সের দিকে যেতে থাকেন।