এমভি অভিযান-১০ এর মালিক গ্রেপ্তার
ঢাকা থেকে বরগুনাগামী এমভি অভিযান-১০ লঞ্চে আগুনের ঘটনায় এর মালিক হামজালাল শাহকে গ্রেপ্তার করা হয়েছে।
আজ সোমবার সকালে র্যাবের আইন ও গণমাধ্যম শাখার সহকারী পরিচালক আ ন ম ইমরান খান দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে, গতকাল রোববার এমভি অভিযান-১০ লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনায় লঞ্চটির ৪ মালিকসহ ৮ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন ঢাকার নৌ আদালত।
মামলার আসামিরা হলেন—৪ মালিক মো. হামজালাল শেখ, মো. শামীম আহম্মেদ, মো. রাসেল আহাম্মেদ ও ফেরদৌস হাসান রাব্বি, লঞ্চের ইনচার্জ মাস্টার মো. রিয়াজ সিকদার, ইনচার্জ চালক মো. মাসুম বিল্লাহ, দ্বিতীয় চালক আবুল কালাম ও দ্বিতীয় মাস্টার মো. খলিলুর রহমান।
গত বৃহস্পতিবার রাত আড়াইটার দিকে ঝালকাঠির সুগন্ধা নদীতে লঞ্চটিতে আগুন লাগে। এ ঘটনায় এখন পর্যন্ত ৪২ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।