কক্সবাজারে অটোরিকশায় বাসের ধাক্কা, কলেজশিক্ষার্থী নিহত
কক্সবাজারের বাংলাবাজারে বাসের ধাক্কায় অটোরিকশা আরোহী কলেজশিক্ষার্থী নিহত হয়েছেন।
নিহত মো. হোসেন সোয়াত (১৮) কক্সবাজার সিটি কলেজের এইচএসসি পরীক্ষার্থী এবং কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের খরুলিয়ার জহির আহমদের ছেলে।
রোববার সকাল ১১টার দিকে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের কক্সবাজার উপজেলার বাংলাবাজার এলাকায় একটি যাত্রীবাহী কোচ অটোরিকশায় ধাক্কা দিলে সোয়াত ঘটনাস্থলে নিহত হন।
ককসবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান টিপু সুলতান বলেন, চট্টগ্রামগামী স্বাধীন ট্রাভেলস পরিবহন কোম্পানির একটি বাস বাংলাবাজার এলাকায় একটি সিএনজি চালিত অটোরিক্সাকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে অটোরিকশার যাত্রী সোয়াত ঘটনাস্থলে মারা যায়। আহত হয় অটোরিকশার ৩ জন। আহতদের কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুনীর উল গীয়াস বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান চলছে।