কক্সবাজারে বাঁকখালী নদীতে ডুবে ২ বোনের মৃত্যু
কক্সবাজারে রামুর বাঁকখালী নদীতে ডুবে তাসফিয়া নুর (৯) ও জান্নাতুল মাওয়া (৫) নামের ২ বোনের মৃত্যু হয়েছে।
আজ শুক্রবার সকালে রামুর ফতেখাঁরকুল ইউনিয়নের লম্বরীপাড়া গ্রাম সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
মৃত ২ শিশু লম্বরীপাড়া গ্রামের আবদুল করিমের মেয়ে। তারা ২ জনই রামু কেন্দ্রীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ছিল। তাসফিয়া তৃতীয় শ্রেণিতে এবং জান্নাতুল শিশু শ্রেণিতে পড়ত।
শিশুদের বাবা আবদুল করিম ও স্থানীয় বাসিন্দা ওসমান গনি দ্য ডেইলি স্টারকে জানান, আজ সকাল ১০ টার দিকে তাসফিয়া ও জান্নাতুলসহ প্রতিবেশি আরও কয়েকটি শিশু গরুর জন্য ঘাস আনতে বাঁকখালী নদীর চরে যায়। সংগ্রহ করা ঘাসগুলো বাঁকখালী নদীতে ধোয়ার সময় ৪ শিশু পানিতে পড়ে যায়।
এ সময় এলাকাবাসী ২ শিশুকে জীবিত উদ্ধার করতে পারলেও তাসফিয়া ও জান্নাতুলকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে দুপুর ১২টার দিকে তাসফিয়া এবং সাড়ে ১২ টার দিকে জান্নাতুলের মরদেহ উদ্ধার করে এলাকাবাসী।
উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রণয় চাকমা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, 'ঘটনাটি খুবই মর্মান্তিক। প্রশাসন ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকবে।'