কক্সবাজার সমুদ্র সৈকতে নেমে ব্র্যাক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার

কক্সবাজার সমুদ্র সৈকতে গোসল করতে নেমে তৌফিক মকবুল (২২) নামে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

আজ বুধবার দুপুর দেড়টার দিকে সৈকতের হোটেল সি-গাল পয়েন্টে ওই দুর্ঘটনা ঘটে।

তৌফিক রাজধানীর শ্যামলীর আদাবর এলাকার বাসিন্দা নুরুল আমিনের ছেলে। তিনি ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী।

সৈকত ব্যবস্থাপনা কমিটি সূত্র জানিয়েছে, আজ দুপুরে তিন বন্ধু সাগরে গোসল করতে নেমে ভাটার টানে ভেসে যান। পরে লাইফগার্ডের সদস্যরা তাদের উদ্ধার করেন।

তৌফিকের বন্ধু সাদমান সাকিব দ্য ডেইলি স্টারকে বলেন, 'তৌফিককে উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।'

সাদমান জানান, তারা তিন বন্ধু কক্সবাজারে বেড়াতে যান। সেখানে কলাতলী সড়কের একটি আবাসিক হোটেলে ওঠেন। আজ তারা তিন জন সাগরে গোসল করতে নামেন।

কক্সবাজারের ট্যুরিস্ট পুলিশের পুলিশ সুপার মো. জিল্লুর রহমান দ্য ডেইলি স্টারকে বলেন, 'তিন বন্ধুর মধ্যে একজন মারা গেছেন। এছাড়া সোয়াদ আহমদ ইয়াছিন (২২) নামে একজন অসুস্থ অবস্থায় কক্সবাজার জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন।'

এ বিষয়ে কক্সবাজার জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মো. আবু সুফিয়ান দ্য ডেইলি স্টারকে বলেন, 'তৌফিকের মৃতদেহ কক্সবাজার সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।'