কবর জিয়ারত করতে গিয়ে বজ্রপাতে কাঠমিস্ত্রির মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ঈদের দিন সকালে নানা-নানীর কবর জিয়ারত করতে গিয়ে বজ্রপাতে এক কাঠমিস্ত্রির মৃত্যু হয়েছে।
আজ মঙ্গলবার সকাল ৯টার দিকে আখাউড়া পৌর শহরের খড়মপুর কল্লা শহীদ (রহ.) মাজার সংলগ্ন গোরস্থানে এ ঘটনা ঘটে।
আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহত রনি মিয়া (৩৫) আখাউড়া পৌর শহরের দুর্গাপুর এলাকার মোহাম্মদ আলীর ছেলে। তিনি পেশায় কাঠমিস্ত্রি ছিলেন।
রনির প্রতিবেশী জয়নাল আহমেদ ডেইলি স্টারকে জানান, রনি ঈদের নামাজ আদায় করার পর তার নানা-নানীর কবর জিয়ারত করতে খড়মপুর গোরস্থানে যান।
কবর জিয়ারত করা অবস্থায় তিনি বজ্রাঘাতের শিকার হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
জানতে চাইলে আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক শ্যামল রায় বলেন, 'হাসপাতালে আনার আগেই ওই ব্যক্তি মারা গেছেন।'
