কলাপাড়ায় পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

নিজস্ব সংবাদদাতা, পটুয়াখালী

পটুয়াখালীর কলাপাড়ায় পৃথক স্থানে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।

নিহত তাসিন (২) রজপাড়া গ্রামের রাজিব সরদারের ছেলে ও সাদিয়া (৪) নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা গ্রামের ইউসুফ হাওলাদারের মেয়ে।

আজ শনিবার সকালে পৃথক স্থানে এ ঘটনা ঘটেছে।

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসীম দ্য ডেইলি স্টারকে এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, এ ব্যাপারে থানায় ২টি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

নিহত তাসিনের দাদা শাহাবুদ্দিন সরদার জানান, শনিবার সকাল ৮টার দিকে রজপাড়া গ্রামের নিজ বাড়ির উঠানে খেলছিল তাসিন। এ সময় সবার অজান্তে সে উঠানের পাশে পুকুরে পড়ে যায়। পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুঁজির পর পুকুরে দেহ ভাসতে দেখে। পরে তাকে উদ্ধার করে কলাপাড়া উপজেলা হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত সাদিয়ার দাদা জামাল হাওলাদার জানান, বাড়ির বেড়া বুননের কাজ করছিল পরিবারের সদস্যরা। পাশেই খেলছিল ছিল সাদিয়া। কিছুক্ষণ পর উঠানে সাদিয়াকে না দেখে অনেক খোঁজাখুঁজির পর পুকুরে ভাসতে দেখে। পরে তাকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে ভর্তি করলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।