কলাবাগানে রেস্তোরাঁয় আগুন, দগ্ধ ৬
রাজধানীর কলাবাগান এলাকায় একটি রেস্তোরাঁয় গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে আগুন লেগে অন্তত ৬ জন দগ্ধ হয়েছেন।
আজ মঙ্গলবার সকালে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আহতদের মধ্যে ৪ জনকে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়।
তারা হলেন ক্যাফে আল বারাকার কর্মচারী সারোয়ার হোসেন, ফয়সাল, তামিম ও ফরহাদ।
হাসপাতাল সূত্রে জানা গেছে, সারওয়ার ১৬ শতাংশ দগ্ধ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এবং বাকি ৩ জন প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
আহত তামিম জানান, সকাল সাড়ে ৯টার দিকে চা তৈরির সময় আগুনের সূত্রপাত হয়। তাদের অপর ২ সহকর্মী স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
কলাবাগান থানার উপপরিদর্শক ফিরোজ আলী জানান, ভবনের নিচতলায় বেশ কিছু গ্যাস সিলিন্ডার রয়েছে যেগুলো রেস্টুরেন্টে ব্যবহার করা হয়।
সিলিন্ডারের যেকোনো একটি থেকে গ্যাস লিক হওয়ার কারণে আগুনের সূত্রপাত হয়েছে বলে মনে করছেন রেস্তোরাঁর কর্মচারীরা।