‘কাভার্ডভ্যানের ধাক্কায়’ নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নিহত

স্টার অনলাইন রিপোর্ট

রাজধানীর খিলক্ষেতে কুড়িল ফ্লাইওভারে 'কাভার্ডভ্যানের ধাক্কায়' নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী নিহত হয়েছেন। তার নাম মাইশা মমতাজ মিম। তিনি ইংরেজি বিভাগের ষষ্ঠ সেমিস্টারের শিক্ষার্থী।

মিমের বাসা উত্তরা ৬ নম্বর সেক্টরে। তার বাবার নাম নূর মোহাম্মদ মামুন।

খিলক্ষেত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুন্সি সাব্বির দ্য ডেইলি স্টারকে আজ শুক্রবার বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, সকাল সাড়ে ৭টার দিকে ফ্লাইওভারের ওপর থেকে এক তরুণীর মরদেহ উদ্ধার করা হয়। তিনি তার ব্যক্তিগত স্কুটিতে ছিলেন। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে দেখা গেছে একটি কাভার্ডভ্যান মিমের খুব কাছ দিয়ে যায়। আমরা ধারণা করছি কাভার্ডভ্যানের ধাক্কায় মিম পড়ে যান। চালককে শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।'

মরদেহ ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে, ওসি জানান।

সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গ সূত্র জানিয়েছে, 'মিমের মাথার হাড় ভাঙ্গা ছিল এবং বুকে আঘাত ছিল। ময়নাতদন্ত শেষে তার পরিবার মরদেহ নিয়ে গেছে।

মিমের মামাতো ভাই অ্যাডভোকেট জাকির হোসেন সাংবাদিকদের জানান, প্রত্যক্ষদর্শীরা তাদেরকে জানিয়েছে যে, একটি কাভার্ডভ্যান মিমকে ধাক্কা দিয়েছে। ওই সময় মিমের মাথায় হেলমেট ছিল। মিমের মরদেহ গাজীপুরের মৌচাকে গ্রামের বাড়িতে নেওয়া হচ্ছে। সেখানে তাকে দাফন করা হবে।

তিনি আরও জানান, সকালে মিমের বাবা তার ছোটো বোনকে মেডিক্যাল ভর্তি পরীক্ষা দেওয়ার জন্য পরীক্ষা সেন্টারে নিয়ে যান। মিমের মৃত্যুর খবর শোনার পর তিনি জ্ঞান হারিয়ে ফেলেছেন। বর্তমানে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।