‘কাভার্ডভ্যানের ধাক্কায়’ নর্থ সাউথ শিক্ষার্থী নিহত, চালকসহ আটক ২

স্টার অনলাইন রিপোর্ট

রাজধানীর খিলক্ষেতে কুড়িল ফ্লাইওভারে 'কাভার্ডভ্যানের ধাক্কায়' নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মাইশা মমতাজ মিমের নিহতের ঘটনায় কাভার্ডভ্যানের চালকসহ ২ জনকে আটক করেছে পুলিশ।  নিহত মিম বিশ্ববিদ্যালয়টি ইংরেজি বিভাগের ষষ্ঠ সেমিস্টারের শিক্ষার্থী।

আজ শুক্রবার রাতে ক্যান্টনমেন্ট জোনের অ্যাসিসটেন্ট কমিশনার (এসি) হুমায়ুন কবির দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, কাভার্ডভ্যানের চালক সাইফুল ইসলাম ও মশিউর রহমানকে চট্টগ্রাম এলাকা থেকে আটক করা হয়েছে। কাভার্ডভ্যানটি জব্দ করা হয়েছে। এটি গার্মেন্টস পণ্য নিয়ে চট্টগ্রামের দিকে যাচ্ছিল। সিসি ক্যামেরা ফুটেজে গাড়ির নাম্বার দেখে তাদের আটক করা হয়েছে।

নিহতের মামাতো অ্যাডভোকেট জাকির হোসেন জানান, উচ্চশিক্ষার জন্য মালয়েশিয়াতে দুই বছরের একটি কোর্স করার ইচ্ছে ছিল মিমের। এশার নামাজের পরে গাজীপুরের মৌচাকে মিমকে দাফন করা হয়েছে। তার মা-বাবা বারবার মূর্ছা যাচ্ছে।

এর আগে, খিলক্ষেত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুন্সি সাব্বির দ্য ডেইলি স্টারকে বলেছিলেন, 'সকাল সাড়ে ৭টার দিকে ফ্লাইওভারের ওপর থেকে এক তরুণীর মরদেহ উদ্ধার করা হয়। তিনি তার ব্যক্তিগত স্কুটিতে ছিলেন। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে দেখা গেছে একটি কাভার্ডভ্যান মিমের খুব কাছ দিয়ে যায়। আমরা ধারণা করছি কাভার্ডভ্যানের ধাক্কায় মিম পড়ে যান। চালককে শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।'