কামরাঙ্গীর চরের একটি বাসা থেকে দগ্ধ মরদেহ উদ্ধার
রাজধানীর কামরাঙ্গীর চর এলাকার একটি বাসা থেকে তরিকুল ইসলাম খোকন নামে এক ব্যক্তির দগ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ। কামরাঙ্গীর চর থানার উপপরিদর্শক (এসআই) জহিরুল ইসলাম দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, আজ শনিবার সকালে পশ্চিম রসুলপুর এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে। খোকন খেলনা বিক্রি করতেন।
হাজারীবাগ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আনোয়ার হোসেন বলেন, 'সকাল আনুমানিক ৯টার দিকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়েছিলাম। তবে তার আগেই আগুন নিভে গিয়েছিল। ওই বাসার একটি বিছানা পুড়ে গেছে, তার ওপর আমরা একটি মরদেহ দেখতে পাই। তবে ঘরের অন্যান্য আসবাব অক্ষত ছিল।'
তিনি আরও বলেন, 'আমরা অগ্নিকাণ্ডের কোনো কারণ খুঁজে পাইনি। পুলিশ ঘটনাটি তদন্ত করবে।'
ঢাকা মহানগর পুলিশের লালবাগ বিভাগের উপকমিশনার জসিম উদ্দিন বলেন, ঘটনাস্থল থেকে ক্রাইম সিন ইউনিট আলামত সংগ্রহ করেছে। আমরা তদন্ত করে দেখবো, ওই ব্যক্তি আসলেই অগ্নিকাণ্ডে মারা গেছেন নাকি তার শরীরে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে।