কুমিল্লায় ট্রলারডুবি: একই পরিবারের নিহত ৩, নিখোঁজ ১

নিজস্ব সংবাদদাতা, কুমিল্লা

কুমিল্লার মেঘনা উপজেলার পুরান বাটেরা সংলগ্ন কাঁঠালিয়া নদীতে ট্রলার ডুবে একই পরিবারের ৩ জন নিহত হয়েছেন। ট্রলারে ওই পরিবারের ১৪ জন সদস্য ছিলেন।

নিহতরা হলেন- কুমিল্লা জেলার তিতাস উপজেলার রায়পুর গ্রামের আব্দুল মতিন মিয়ার স্ত্রী জুলেখা আক্তার (৫৫), মেয়ের নাতনি আয়েশা আক্তার (১২), মরিয়ম আক্তার (৭)। এ ঘটনায় নিখোঁজ আছেন তামান্না আক্তার (৫)।

জানা গেছে, নিখোঁজ ও নিহতরা সবাই ঢাকার ডেমরা থানার সুকুশি গ্রামে বসবাস করেন। মামার বাড়ি তিতাস উপজেলার মোহনপুর গ্রামে যাওয়ার পথে এ দুর্ঘটনার শিকার হন।

মেঘনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ছমিউদ্দিন দ্য ডেইলি স্টারকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, নিহতদের মরদেহ দাউদকান্দি হাসপাতালে রাখা আছে। নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারে ফায়ার ব্রিগেডের ডুবুরি দল উদ্ধার কাজ শুরু করেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর সাড়ে ১২টার দিকে একটি যাত্রীবাহী ট্রলার দাউদকান্দি থেকে তিতাস উপজেলার মোহনপুর গ্রামের উদ্দেশ্যে ছেড়ে যায়। কিন্তু, মেঘনা উপজেলার পুরান বাটেরা সংলগ্ন কাঁঠালিয়া নদীতে পৌঁছানোর পর আকস্মিক ট্রলারটি ডুবে গিয়ে এই দুর্ঘটনা ঘটে।