কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে

নিজস্ব সংবাদদাতা, কুমিল্লা

কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালের করোনা ইউনিটের নিচ তলায় জরুরি বিভাগের আগুন তাৎক্ষণিকভাবে নিয়ন্ত্রণ করা হয়েছে। আজ শনিবার দুপুর পৌনে ২টার দিকে অক্সিজেন সিলিন্ডার রিফিলিংয়ের সময় একটি সিলিন্ডারের লিকেজ থেকে আগুনের সূত্রপাত হয়।

আজ বিকেলে কুমিল্লা মেডিকেলের পরিচালক ডা. মহিউদ্দিন বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন।

তিনি বলেন, 'করোনা ইউনিটের নিচতলায় অক্সিজেন সিলিন্ডার প্রতিস্থাপনের সময়ে একটি অক্সিজেন সিলিন্ডারের লিকেজ থেকে আগুন ধরে যায়। তাৎক্ষণিকভাবে অগ্নিনির্বাপক যন্ত্র ব্যবহার করে আগুন নিয়ন্ত্রণ করা হয়।'

তিনি জানান, হাসপাতালের পরিস্থিতি এখন স্বাভাবিক আছে। হাসপাতালের কেন্দ্রীয় অক্সিজেন সরবরাহ ব্যবস্থাও সচল আছে।

কুমিল্লা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার মো. সামছুল আলম দ্য ডেইলি স্টারকে জানান, কুমেক হাসপাতালে আগুনের খবর পেয়ে কুমিল্লা ফায়ার স্টেশন থেকে একাধিক ইউনিট ঘটনাস্থলে যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, হাসপাতালের কর্মীরা তাৎক্ষণিকভাবে অগ্নিনির্বাপক যন্ত্রের সাহায্যে সিলিন্ডারের আগুন নেভাতে সক্ষম হন। লিকেজ থেকে ছড়িয়ে পড়া গ্যাসে আরও বড় দুর্ঘটনা এড়াতে ওই কক্ষের বেশ কিছু জানালার কাঁচ ভেঙে ফেলা হয়।

এ সময়ে কেন্দ্রীয় অক্সিজেন সঞ্চালন লাইনের এই সংযোগস্থলে প্রায় শতাধিক অক্সিজেন সিলিন্ডার মজুত ছিল। ঘটনার আকস্মিকতায় হাসপাতালের কর্মীরা দ্রুত অক্সিজেন সিলিন্ডারগুলো বাইরে নিয়ে যান।