কুড়িলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

স্টার অনলাইন রিপোর্ট

রাজধানীর কুড়িল বিশ্বরোড এলাকায় প্রাইভেট কারের চাপায় বিপুল বিশ্বাস (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। আজ বুধবার রাত ৯টায় এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া।

বিপুলকে আহত অবস্থায় উদ্ধার করেছেন যুবরাজ নামে এক মোটরসাইকেলচালক। তিনি জানান, বিকট শব্দ পেয়ে তিনি কাছে গিয়ে দেখেন, একটি প্রাইভেট কার একই জায়গায় একাধিকবার চক্কর দিয়ে দ্রুত মহাখালীর দিকে চলে যায়। সেখানেই একটি বাইসাইকেল ও সেটির চালক বিপুল পড়ে ছিলেন। পরে কয়েকজনের সহযোগিতায় দ্রুত তাকে উদ্ধার করে প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরে সেখান থেকে ঢামেক হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক রাত ১০টায় বিপুলকে মৃত ঘোষণা করেন।

নিহতের মুঠোফোনের মাধ্যমে তার ভাই দিলীপ চন্দ্র বিশ্বাসের সঙ্গে কথা হলে তিনি জানান, মেডিসিন মার্ট নামে বনানীর একটি ওষুধ ফার্মেসিতে কাজ করতেন বিপুল। সকালে বাইসাইকেল নিয়ে বিমানবন্দরের বাসা থেকে বনানী কর্মস্থলে যান। রাতে বাসায় ফেরার সময় দুর্ঘটনার শিকার হন তিনি।

তিনি আরও জানান, বিপুল গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলার তৈলাদি গ্রামের মরাল চন্দ্র বিশ্বাসের ছেলে। বর্তমানে বিমানবন্দর এলাকায় র‍্যাব হেডকোয়ার্টারের পাশে বড় ভাই দিলীপ চন্দ্র বিশ্বাসসহ একটি বাসায় ভাড়া থাকতেন। পাঁচ ভাইয়ের মধ্যে তিনি ছিলেন তৃতীয়।

পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, 'নিহতের মরদেহটি ঢামেক মর্গে রাখা হয়েছে। বিষয়টি খিলক্ষেত থানাকে জানানো হয়েছে।'