কেরানীগঞ্জে ট্রাকের ধাক্কায় শিক্ষার্থী নিহত
ঢাকার কেরানীগঞ্জ উপজেলায় ড্রাম ট্রাকের ধাক্কায় মশিউর রহমান মাদ্রাজ (২২) নামে এক শিক্ষার্থী নিহত হয়েছেন। আজ শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার রাজেন্দ্রপুর এলাকায় ঢাকা-মাওয়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মশিউর রহমান শরীয়তপুরের ডামুড্ডা উপজেলার দক্ষিণপাড়া গ্রামের মো. মাকসুদ মিয়ার ছেলে। পরিবারের সঙ্গে তিনি যাত্রাবাড়ীর দনিয়া এলাকায় থাকতেন। ২ ভাই এক বোনের মধ্যে মশিউর সবার ছোট। তিনি ধানমন্ডির একটি বিশ্ববিদ্যালয় কলেজে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে স্নাতক (সম্মান) শ্রেণির ছাত্র ছিলেন।
মশিউরের ফুপাতো ভাই মো. জসিম জানান, আজ দুপুরে তারা কয়েকজন কয়েকটি মোটরসাইকেল নিয়ে কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায় একটি অনুষ্ঠানের উদ্দেশে বের হয়েছিলেন। মশিউর তার মোটরসাইকেল নিয়ে একাই বাসায় ফিরছিলেন। সে সময় এই দুর্ঘটনা ঘটে।
হাসারা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফজাল হোসেন দ্য ডেইলি স্টারকে বলেন, ড্রাম ট্রাক ধাক্কা দিলে ওই শিক্ষার্থী মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন। পথচারীরা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আফজাল হোসেন আরও বলেন, ট্রাকটি জব্দ ও চালককে আটক করা হয়েছে। দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি পুলিশ হেফাজতে রয়েছে।