খিলক্ষেতে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় ব্যক্তির মৃত্যু

স্টার অনলাইন রিপোর্ট

রাজধানীর খিলক্ষেত এলাকায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আজ রোববার সকাল ৬টার দিকে খিলক্ষেত রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।

খিলক্ষেত থানার উপপরিদর্শক (এসআই) মো. জাহাঙ্গীর খান দ্য ডেইলি স্টারকে বলেন, মৃত ব্যক্তির বয়স আনুমানিক ৩৫ বছর। তার পরনে ছিল হাফ হাতা গেঞ্জি ও ট্রাউজার।

তিনি আরও বলেন, ওই ব্যক্তিকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সকাল ৮টায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ওই ব্যক্তি ভবঘুরে প্রকৃতির। আগে থেকেই তার ডান হাতও ছিল না। আশপাশের লোকজনের মাধ্যমে জানতে পেরেছি, সকালে বিমানবন্দরগামী একটি ট্রেনে তিনি কাটা পড়েছেন। তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে রাখা হয়েছে।