খুলনায় ইটবোঝাই ট্রলিচাপায় কলেজছাত্রী নিহত

নিজস্ব সংবাদদাতা, খুলনা

খুলনার রূপসা উপজেলায় ইটবোঝাই ট্রলির চাপায় এক কলেজছাত্রী নিহত হয়েছেন। আজ সোমবার সকালে উপজেলার আলাইপুর সেতু এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত যূথী পাল (১৭) উপজেলার পিঠাভোগ গ্রামের বিশ্বজিত পালের মেয়ে। তিনি সরকারি বঙ্গবন্ধু কলেজের একাদশ শ্রেণির ছাত্রী ছিলেন।

এ ঘটনায় স্থানীয়রা ট্রলিসহ চালক ইয়াছিনকে (১৮) আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে।

রূপসা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন।

তিনি বলেন, 'আজ সকাল ৯টার দিকে যূথী পাল পিঠাভোগ গ্রামের বাড়ি থেকে হেঁটে কলেজে যাচ্ছিলেন। পথে আলাইপুর সেতুর কাছে ইটবোঝাই একটি ট্রলি তাকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হলে স্থানীয়রা প্রথমে তাকে রূপসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বেলা সাড়ে ১১টার দিকে তার মৃত্যু হয়।'