গফরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

নিজস্ব সংবাদদাতা, ময়মনসিংহ 

ময়মনসিংহের গফরগাঁওয়ে রোড রোলারের সঙ্গে অটোরিকশার সংঘর্ষে অটোরিকশার ৩ যাত্রী নিহত এবং ৪ জন আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার বিকেলে উপজেলার পাগলা থানার পুরাদিয়ারটেক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন-গাজীপুরের শ্রীপুর উপজেলার কফিল উদ্দিন (৪৫), তার ভাই আমির উদ্দিন (৫৫) ও একই এলাকার নায়েব আলী (৭৫)।

পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাশেদুজ্জামান দ্য ডেইলি স্টারকে দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, নিহত ও আহতরা অটোরিকশায় করে পাগলা থানার মশাখালী এলাকায় যাচ্ছিলেন। পথে সড়কে পিচ ঢালাইয়ের কাজে ব্যবহৃত রোলারের সঙ্গে অটোরিকশার সংঘর্ষ হয়। এতে রোলারের নিচে চাপা পড়ে ৩ যাত্রী মারা যান।

ওসি রাশেদুজ্জামান আরও জানান, দুর্ঘটনায় গুরুতর আহত অটোরিকশা চালক সাইফুল ইসলামসহ ৩ জনকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং ১ জনকে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

অটোরিকশা ও রোড রোলার আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।

নিহত কফিল উদ্দিনের আত্মীয় সুমন আহমেদ দ্য ডেইলি স্টারকে জানান, তারা কয়েকটি অটোরিকশা ও মোটরসাইকেলে করে মশাখালী যাচ্ছিলেন তারা। পথে সড়কের পিচ ঢালাইয়ের কাজে ব্যবহৃত রোড রোলারের সঙ্গে একটি অটোরিকশার সংঘর্ষে ঘটনাস্থলেই নায়েব আলী নিহত হন।

এর মধ্যে আহত কফিল উদ্দিনকে হাসপাতালে নেওয়ার পথে এবং আমির উদ্দিনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর মারা যান।